শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

আজ মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ পক্ষ দেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সারাহ কুক জানান, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাজ্য পাশে থাকতে আগ্রহী।