সাঈদী-হাদি-আবরার ফাহাদসহ বিভিন্ন নেতার নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি বিরোধীদলের

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শোকপ্রস্তাব আনা হয়েছে।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।

এ সময় বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটি একপেশে মন্তব্য করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুস সোবহান, শেখ আনসার আলী, রিয়াসাফ আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, একেএম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীর নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করতে বলেন।

এই জামায়াত নেতা বলেন, জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এছাড়া চব্বিশের গণঅন্দোলনে প্রায় দুই হাজার শহীদ এবং শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণে শোকপ্রস্তাব প্রকাশ করছি।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজকের এই শোকপ্রস্তাবে আরও দুই-তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি। যে নামগুলো এই হাউসে উচ্চারিত হওয়া প্রয়োজন।

তিনি শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।