ঢাকাসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

জনস্বার্থে আজ বুধবার রিটটি দায়ের করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রশাসক নিয়োগের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে সিটি করপোরেশনগুলোতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে এবং নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী অন্য পাঁচ আইনজীবী হলেন—জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাইল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।

আইনজীবী গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগামী সপ্তাহে হাইকোর্টে এই রিটের ওপর শুনানি হতে পারে। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।