ভূমি অফিসের বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা, সময়মতো আসেননি কর্মকর্তারা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের একটি ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের  না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

আজ বুধবার সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, ভূমি অফিসের প্রধান ফটকটি খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো তালাবদ্ধ পান তিনি। পরে প্রায় আধ ঘণ্টা অফিসের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করেন কায়সার কামাল। পরে খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হন।

এমনকি, ভূমি সেবা নিতে আসা গ্রাহকদেরও সেখানে অপেক্ষমাণ দেখা যায়।

একটি ভিডিওতে দেখা যায়, এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখেও পড়তে হয়। ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল কর্মকর্তাদের দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা অসংলগ্ন উত্তরও দেন।

পরে প্রতিমন্ত্রী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অন্যান্য অফিসেও চালানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।