দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল
বর্তমান বিধিবিধান ও নিয়ম মেনে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব আমরা জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে।
সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে ফখরুল বলেন, যারা জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এবং দলের কাজে সক্রিয়, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, এটা আমরা চাইনি। আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ বলা হয়েছে এবং সেভাবেই বিষয়টি দেখা হবে।
এর আগে বেলা ১১টার দিকে মির্জা ফখরুল নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে মূল ফটকে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি তৃতীয়তলায় তার কক্ষে যান এবং সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এটিই ছিল মির্জা ফখরুলের প্রথম সফর। এসময় তিনি সহকারী দপ্তর সম্পাদকদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেন এবং দাপ্তরিক কাজে শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন।
মির্জা ফখরুল কর্মকর্তা-কর্মচারীদের কাজের খোঁজখবর নেন এবং কোনো কাজ যেন বাকি না থাকে, সে বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, আপনাদের নিয়মিত অফিসে আসতে হবে। কোনো কাজ অসম্পূর্ণ রাখা যাবে না। দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা এলে তাদের সহযোগিতা করতে হবে। কোনো ধরনের অবহেলা করা চলবে না।
প্রায় ৪৫ মিনিট কার্যালয়ে অবস্থানের পর মির্জা ফখরুল সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন।