জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে প্রধানমন্ত্রী নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। এরইমধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন।

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন।

বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।