যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় ছুরিকাঘাতে ইরফান ফারাজী (২৭) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ইরফান কারবালা ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফারাজীর ছেলে। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা সম্পন্ন করে চাকরি খুঁজছিলেন তিনি।

পুলিশ ও নিহত ইরফানের ভাই ইউসুফ ফারাজী জানান, বিকেলের দিকে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় নিজেদের মুদি দোকানে বসেছিলেন ইরফান ফারাজী। এ সময় কয়েকজন যুবক দোকানে এসে কিছু জিনিস কেনে। টাকা পরিশোধের সময় হঠাৎ ইরফানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এলাকার লোকজন ইরফানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।'

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, 'কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।'

 নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।