পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনার আটঘরিয়ায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. আদম আলী (৫৫) একই উপজেলার একদন্ত ইউনিয়নের সাতগাছা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
তিনি একদন্ত ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি ছিলেন বলে ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দলটির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।
ওসি নাজমুল হোসেন জানান, বিকেলে চণ্ডীপাশা সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা আদম আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইউনিয়ন বিএনপি নেতা সেলিম হোসেন বলেন, ‘এর আগেও দুর্বৃত্তরা আদম আলীর ছেলের ওপর হামলা চালিয়েছিল। দলীয় কোন্দল নয়, বরং পূর্ব শত্রুতা বা কোনো ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছি।’
হত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি নাজমুল হোসেন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহত আদম আলীর বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল বলে জানা গেছে।
‘পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়,’ বলেন ওসি।