ফতুল্লায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষক রফিকুল (২৮) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিক্ষার্থীর মায়ের করা মামলায় বুধবার রাতে শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় গতকাল বিকেলে মাদ্রাসার সামনে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য এবং এলাকাবাসী বিক্ষোভ করেন। অভিযুক্ত শিক্ষককে মারধরও করেন বিক্ষুব্ধরা। পরে ৯৯৯ নম্বরে স্থানীয় একজনের কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

মামলার এজাহারের বরাতে পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ওই শিক্ষার্থী গত বছর ভর্তি হন এবং মাদ্রাসায় আবাসিক থাকেন। গত ৩১ আগস্ট রাতে তাকে মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এর আগেও তাকে যৌন নিপীড়ন করা হয়েছে।

সেদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে জিজ্ঞাসা করলে সে যৌন নির্যাতনের কথা জানায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।