ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ দলটির সাত নেতার সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ টানা ছয় দিনের যুক্তিতর্ক শেষে আজ বুধবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ আবেদন জানান।
তিনি ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনা চারটি অভিযোগই কোনো সন্দেহ ছাড়াই প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে আসামিদের যোগসাজশ ও জানাশোনার ভিত্তিতে চালানো ব্যাপক ও পরিকল্পিত হামলায় ১ হাজার ৪০০ জনেরও বেশি আন্দোলনকারীকে হত্যা এবং ২৫ হাজারেরও বেশি মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আছে।
চিফ প্রসিকিউটর বলেন, পলাতক এসব আসামি কোনো ধরনের দয়া পাওয়ার যোগ্য নন। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।