এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত আ্যটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন ঘটনাটি শুধুই চুরি নয়, এটি নাশকতার চেষ্টা হতে পারে।
আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ভোররাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল দুর্বৃত্ত ভবনের নিচতলা ও প্রথম তলার থাই গ্লাসের জানালার কিছু অংশ খুলে ফেলে।
‘গ্লাসের প্যানেল খুলে তারা দ্বিতীয় তলায় আমার কক্ষে পৌঁছানোর চেষ্টা করেছিল। সন্দেহজনক শব্দ শুনে আমাদের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের ধাওয়া করে। নিরাপত্তারক্ষী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়,’ যোগ করেন তিনি।
কাজল আরও বলেন, ‘আমার বিশ্বাস, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং নাশকতার চেষ্টা হতে পারে। আমার কার্যালয়কে টার্গেট করা হয়েছিল।’
অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, সম্প্রতি কার্যালয় থেকে বরখাস্ত হওয়া কিছু সাবেক কর্মচারী এবং দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর আশঙ্কায় থাকা কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যালয় সম্পর্কে “মিথ্যা প্রচারণা” চালিয়ে আসছিলেন।
‘আমার ধারণা, ঘটনাটি উসকে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো না কোনো ভূমিকা থাকতে পারে,’ সন্দেহ পোষণ করেন তিনি।
কাজল জানান, বিষয়টি বিবেচনায় রেখে তিনি পুলিশ কর্মকর্তাদের এবং সুপ্রিম কোর্ট প্রশাসনকে ঘটনাটি তদন্ত করার অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, দুর্বৃত্তরা কার্যালয়ে পুরোপুরি প্রবেশের আগেই পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথি বা মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়ে জানা যায়নি।
জানতে চাইলে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল মজুমদার বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‘বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি,’ বলেন তিনি।