মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-শিশুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় মা-শিশুসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে সংঘটিত এসব ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধূ আমেনা (২৮) ও তার দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ নিহত হয়।

অভিযোগ রয়েছে, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই সালাম মোল্লা (৪০) ও ভাবি আমেনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মো. ইউসুফ মোল্লা (৩৫)। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমেনা ও শিশু আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

এদিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

অন্যদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে মো. সজিব (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় মোনসেরের ছেলে।

প্রাথমিক তথ্যে জানা যায়, শনিবার উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে রাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। হামলার সময় সজিব গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’