রামিসা হত্যা মামলা: আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
আজ রোববার এক প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয় জানায়, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ সরকারি খরচে এই মামলার বিচারে আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মামলাটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন।
এ মামলা পরিচালনার জন্য গতকাল আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের একদিন পর নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা প্রতিবেশী সোহেল ও তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।
প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার অভিযুক্ত সোহেল রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আজ আদালতে পুলিশ চার্জশিট জমা দিলে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন সেটি গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ জুন তারিখ নির্ধারণ করেন।
