নরসিংদীতে নিজ দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী 

নরসিংদীর রায়পুরায় নিজের দোকানের ভেতর থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ভাই ভাই স্টোর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত টাইলস ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি (৪৫) ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গতকাল রাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় রফিকুলের স্ত্রী দোকানে খোঁজ নিতে যান। তালাবদ্ধ না থাকায় শাটার তুলে ভেতরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি মুজিবুর বলেন, ‘খবর পেয়ে পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তকাজ পরিচালনা করেছে। নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।’  

ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।