ঈশ্বরদীতে ছাগলের খেত খাওয়া নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার ঈশ্বরদীতে ছাগলের খেত খাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

নিহত মাহাবুল হোসেন (৬০) ও আটক আবুল বাশার মুন্সী একই এলাকার বাসিন্দা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুলের একটি ছাগল আজ সকালে প্রতিবেশী বাশার মুন্সি ও তার বড় ভাই তসলিম মুন্সির খেতে ঢুকে সজনে গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় ও একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

এ সময় বাশার মুন্সি ও তসলিম মুন্সি গাছের ডাল ভেঙে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। এতে মাহাবুল হোসেন গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আসাদুর রহমান বলেন, 'পুলিশ অভিযুক্ত বাশার মুন্সিকে আটক করেছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'