আরও ২ মামলায় আসাদুজ্জামান নূরের জামিন, মুক্তি পাচ্ছেন না এবারও

স্টার অনলাইন রিপোর্ট

আরও ২ মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তবে আরও কয়েকটি মামলার কারণে তিনি এখনই কারামুক্ত হচ্ছেন না।

আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নূরের আইনজীবী ব্যারিস্টার রেহান হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ২০২৪ সালের জুলাইয়ে মামুন ও লিজা আক্তার নামে ২ জনকে হত্যার অভিযোগে গত ৪ ও ৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুর ও রমনা মডেল থানায় এই দুটি মামলা করা হয়েছিল।

জামিন চেয়ে গত বছর আসাদুজ্জামান নূর দুটি পৃথক আবেদন করেছিলেন। আজ শুনানি শেষে আদালত জামিনের আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

শুনানিতে অসুস্থতা ও দীর্ঘদিন কারাবাসের যুক্তি তুলে ধরেন আসাদুজ্জামান নূরের আইনজীবী।

এর আগে, গত ৪ ও ৫ মে একই বেঞ্চ আরও দুটি মামলায় নূরকে জামিন দিয়েছিলেন। তবে ৫ মে অন্য একটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল।

আসাদুজ্জামান নূরের আরেক আইনজীবী জেড আই খান পান্না জানান, ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন নূর। তবে, আরও কয়েকটি মামলায় জামিন হয়নি বলে হাইকোর্টের আজকের রায়ের পরেও তিনি মুক্তি পাচ্ছেন না।

এই আইনজীবী আরও জানান, আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজও একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

তবে ফিরোজের বিরুদ্ধে ওই মামলার বিস্তারিত তথ্য জানাতে পারেননি এই আইনজীবী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ সাজিয়া শারমিন দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্টের আজকের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আলাদা আবেদন করবে রাষ্ট্রপক্ষ।