হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেন আমির হামজা

স্টার অনলাইন রিপোর্ট

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এই মামলায় আমির হামজাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমির হামজার করা জামিন আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার এই আদেশ দেন।

এর আগে সকালে জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হন অভিযুক্ত আমির হামজা।

জামিন আবেদনের শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল।

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আমির হামজা মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলে সম্বোধন করেছেন। দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারার অধীনে মামলাটি দায়ের করা হয়।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী টুকুর দেওয়া একটি বক্তব্যের সূত্র ধরে আমির হামজা ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়।