জামিনে কারামুক্ত শিরীন শারমিন

স্টার অনলাইন রিপোর্ট

জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

আজ রোববার বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পাঁচ দিন পর জামিন পেলেন তিনি।

কারাগারের সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট কাওয়ালিন নাহার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে শিরীন শারমিন কারাগার থেকে মুক্তি পান।

এর আগে আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে শিরীন শারমিনের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের দায়িত্বরত এক উপপরিদর্শক।

গত ৭ এপ্রিল ধানমন্ডির একটি বাসা থেকে শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

একই দিন ডিবি দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ২৫ মে ভুক্তভোগী আশরাফুল আদালতে এ মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনকে আসামি করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে ১৭ জুলাই লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিকে এজাহার হিসেবে লিপিবদ্ধ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার আজিমপুর এলাকায় গুলিবিদ্ধ হন আশরাফুল।

৬০ বছর বয়সী শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগের আগ পর্যন্ত এই পদে ছিলেন।