হামলা চালিয়ে আসামি ছিনতাই, ৩ পুলিশ সদস্য আহত
যশোরের কেশবপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলা তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন, উপপরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহীদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০)।
আজ শুক্রবার সকালে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি ছিনিয়ে নিতে গতকাল সকালে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছিল।
সূত্র জানিয়েছে, উপপরিদর্শক (এসআই) আসমত আলীর নেতৃত্বে একটি দল হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক এক পলাতক আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর তিন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ছিনিয়ে নিতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়—জাহাঙ্গীরকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। এরপরই পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
‘এলাকাবাসীকে বিভ্রান্ত করতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সম্পূর্ণ ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল। এতে স্থানীয়রা বিভ্রান্ত হন এবং হামলার সূত্রপাত হয়,’ বলেন শহীদুল।
তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরপর গত রাতেই সীমান্তবর্তী এলাকা থেকে জাহাঙ্গীরকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
‘আইনের আওতায় আনতে পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।