মগবাজারে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় গতকাল শুক্রবার রাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

নিহত কিশোরের নাম রাব্বি (১৭)। সে ওই এলাকার চেয়ারম্যান গলির বাসিন্দা ছিল বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে মধুবাগের একটি মাদরাসা মাঠে এই ঘটনা ঘটে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

বন্ধুদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মূলত ত্রিভুজ প্রেমের বিরোধ থেকে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। 

এসআই ইব্রাহিম খলিল বলেন, সন্ধ্যায় রাব্বি ওই মাদরাসা মাঠের কাছে এক কিশোরীর সঙ্গে হাঁটছিল। এ সময় ওই কিশোরীর প্রেমিক ফাহিম ও তার সহযোগীরা রাব্বির পথরোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে ফাহিম রাব্বির পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ফাহিমসহ আরও এক যুবককে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনার তদন্ত চলছে।