ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে।

পরে ফজলু নামের ওই কর্মচারী নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে সমাজকল্যাণ বিভাগের ভেতরেই এই ঘটনা ঘটে।

নিহত আসমা সাদিয়া রুনা সমাজকল্যাণ বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ম্যাডাম পড়ে আছেন। তার মুখ ওড়না দিয়ে ঢাকা। ফজলু ছেলেটাও রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে। পরে ইবি থানার ওসি এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

প্রক্টর আরও বলেন, ‘শিক্ষিকাকে হত্যার পর ওই ছেলেটা আত্মহত্যার চেষ্টা করেছে। ছাত্ররা প্রত্যক্ষদর্শী। ওরা দেখছে, ও (ফজলু) নিজের গলায় নিজেই ছুরি মারছে।’

তিনি জানান, অভিযুক্ত ফজলু কয়েক বছর ধরে দৈনিক মজুরি-ভিত্তিকে সমাজকল্যাণ বিভাগে কাজ করে আসছিল। কোনো একটি বিষয় নিয়ে ওই শিক্ষকের সঙ্গে তার আগে কথা কাটাকাটি হয়েছিল। পরে তাকে অন্য বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষিক ও কর্মচারীকে বিকেল ৫টার দিকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই আসমা সাদিয়া রুনা মারা যান। কর্মচারী ফজলুর অবস্থাও আশঙ্কাজনক।’

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি খবরটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। আপাতত এর বেশি কিছু জানি না।’