ওসিকে গালাগালের অভিযোগ: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আটক
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে গালিগালাজ করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রবিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে অশালীন ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিন পর তাকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রাখি রানী দাস জানিয়েছেন, আটক বিএনপি নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে জনৈক ব্যক্তির উত্তপ্ত বাক্যবিনিময় ও গালিগালাজের একটি অডিও ক্লিপ গত শনিবার বিকেল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে আইনি পদক্ষেপ নেয় পুলিশ।
ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, ওসি যখন অন্য একজনের সঙ্গে কথা বলছিলেন, তখন তুষার পাশ থেকে কথা বলা শুরু করেন। এসময় তিনি ওসিকে গালিগালাজ করেন।
ওসির সাথে ওই সময় ফোনে কথা বলছিলেন জেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান। মোখলেছুর বলেন, ‘আমি যখন ওসির সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন তুষার পাশ থেকে ওসির উদ্দেশ্যে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন। পরে আমি আবারও ওসিকে ফোন দিয়ে তার (তুষারের) আচরণের জন্য কিছু মনে না করতে অনুরোধ করি।’ তিনি আরও জানান, তুষার এর আগে ওসিকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
তবে আটকের আগে স্থানীয় সাংবাদিকদের কাছে তুষার এ অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে অডিওটি সম্পাদনা করা হয়েছে।
তিনি বলেন, ‘গত দুই মাস ধরে আমি ওসিকে ফোন করিনি। আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। কেউ অডিওটি সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’