চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি, প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট
পটুয়াখালীর বাউফলে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি পাওয়ার পর ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলার কালাইয়া-দাসপাড়া নির্মাণ সামগ্রী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে হত্যার হুমকি দেয় এক ‘চাঁদাবাজ’।
বৃহস্পতিবার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে হুমকি দেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পরে আজ শুক্রবার সকালে সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানাকে ডেকে হত্যার হুমকি দেয় ওই ‘চাঁদাবাজ’।
একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের তোপের মুখে ‘চাঁদাবাজ’ পালিয়ে যায় এবং প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে।
ব্যবসায়ীদের অভিযোগ, দাসপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্যাদার ছেলে মো. শান্ত প্যাদাসহ (২২) কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন।
কালাইয়া-দাসপাড়া নির্মাণ সামগ্রী মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত বুধবার সভা করে আমরা সিদ্ধান্ত নেই যে আর চাঁদা দেবো না। পরে “চাঁদাবাজ” শান্ত প্যাদা বৃহস্পতিবার চাঁদা নিতে গেলে সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী অপারগতা প্রকাশ করেন। তখন তাকে মেরে ফেলার হুমকি দেন শান্ত।’
এ বিষয়ে শান্তর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাবা বিএনপি নেতা সোহরাব হোসেন প্যাদা ডেইলি স্টারকে বলেন, ‘ইজারা নেওয়া ঘাটে শান্ত ট্রলার প্রতি ২০০ টাকা করে নেয়। এটা কোনো চাঁদাবাজি নয়।’
তবে উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কালাইয়া ও দাসপাড়া খাল কাউকে ইজারা দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর ডেইলি স্টারকে বলেন, ‘সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের হস্তক্ষেপে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’