রাজশাহীতে গুলিতে নিহত ১
রাজশাহী শহরে দুর্বৃত্তদের গুলিতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফা রাজশাহী শহরের মতিহার থানার বিনোদপুর বাজার এলাকার দশমারি গ্রামের তাইমুর উদ্দিনের ছেলে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কালাম আজাদ জানান, রাজশাহী শহরের ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর কবরস্থানের সীমানা প্রাচীরের পাশে একটি সড়কে রাত ৮টার দিকে মোস্তফার ডান পায়ে গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারান। ফলে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি।
ওসি জানান, তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই মোস্তফার মৃত্যু হয়েছিল।
ওসি আজাদ আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।