জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম এবং তার পরিবারের দুই সদস্যের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বাকি দুজন হলেন- ফারজানার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেন।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ নিষেধাজ্ঞা দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, নৃবিজ্ঞানের অধ্যাপক ফারজানা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।
'অনুসন্ধানের সময় গোপন সূত্র থেকে জানা গেছে, তারা তিনজন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন,' বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।