পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত কামরুন নাহার ইতি (৩৮) আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে থাকতেন।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
ওসি হালিম বলেন, ‘বিউটি পার্লারের মালিক ওই নারী গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তার ভাই মো. আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।’
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ‘নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’
আমলাপাড়ার কেবি সাহা সড়কের তিনতলা ভবনের নিচতলায় ছিল বিউটি পার্লারটি। এ ভবনের মালিক আনিসুজ্জামান বলেন, ‘গত ৫ মাস ধরে নিচতলার কক্ষটি ভাড়া নিয়ে পার্লার চালাচ্ছিলেন। জানুয়ারি মাসের শেষের দিকে কক্ষটি ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে এ বিষয়ে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিলো না।’
‘আমি তার স্বামীকেও কল দিয়েছিলাম যে, কবে আসবেন, রুম ছাড়বেন কবে? কিন্তু কোনো সাড়া পাইনি। বৃহস্পতিবার রাত থেকেই ভাড়াটিয়ারা দুর্গন্ধ পাচ্ছিলেন। তখন আমি নিহতের স্বজনদের খবর দেই, তারা পুলিশ নিয়ে আসেন,’ যোগ করেন তিনি।
ওসি হালিম বলেন, ‘এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’