কক্সবাজারে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ আরও ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার সোনাদিয়া দ্বীপের কাছে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এর আগে মঙ্গলবার রাতে একদল জেলে মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যান।

স্থানীয় জেলেরা ফায়েজ ও সাইফুল নামে দুইজনের মরদেহ উদ্ধার করেন। এছাড়া নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি মহেশখালী উপজেলায়।

দুর্ঘটনার সময় ট্রলারে কতজন ছিলেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল বলেন, সোনাদিয়া দ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার ও আরও দুইজন নিখোঁজের বিষয়টি আমরা জেনেছি।

‘আমাদের টিম তদন্তের জন্য ঘটনাস্থলে গেছে,’ বলেন তিনি।