কক্সবাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় যাত্রীবাহী বাসটির চালক মোহাম্মদ আলী ও শিশু মোহাম্মদ ইয়াহিয়া।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা এভারগ্রিন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী একটি স্থানীয় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি মাহাবুব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ বাঁকে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুটি বাসই জব্দ করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বাস দুটি মহাসড়কের ওপর আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।