ঈশ্বরদীতে সড়কে ছিটকে পড়া শিশু ও তাকে বাঁচাতে যাওয়া ব্যক্তি নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ওই শিশুর মা।

গতকাল রোববার রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কলৈকান্দি বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) ও পাবনার শ্রীকোল গ্রামের মোটরসাইকেল আরোহী বাকী বিল্লাহ (৩৫)।

​পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান জানান, রাত আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মায়ের কোল থেকে একটি শিশু মহাসড়কে ছিটকে পড়লে তাকে বাঁচাতে গেলে এ ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আলিফ তার মা আঁখি খাতুনের সঙ্গে পাকশীতে বেড়ানো শেষে একটি থ্রি-হুইলারে করে বাড়ি ফিরছিল।

থ্রি-হুইলারটি মহাসড়কের কলৈকান্দি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল সেটিকে ধাক্কা দেয়। এতে ঝাঁকুনি লেগে আলিফ তার মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে মা আখি খাতুন এবং একই সময়ে ওই মোটরসাইকেলের আরোহী বাকী বিল্লাহ দ্রুত সড়কের ওপর ছুটে যান। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ ও তাকে বাঁচাতে যাওয়া বাকী বিল্লাহর প্রাণ যায়।

গুরুতর আহত মা আঁখি খাতুনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। চালককে আটক এবং ট্রাকটি জব্দ করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত মাকে হাসপাতালে পাঠান।