ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, বিআরটিসির বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিআরটিসির একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন মোহাম্মদ শাহজাহান (৪৬) এবং তার ছেলে আরিফ (১৬)।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে উপজেলার বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ও তার ছেলে একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বিআরটিসির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন বলে ওসি জানান।

বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।