সাতক্ষীরায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দাদা-নাতি নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাদা ও নাতি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের নাসিম ফকির (৩৬) এবং তার নাতি মেহেদী হাসান (১৮)। নাসিম খোকন ফকিরের এবং মেহেদী হাফিজুল ফকিরের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘেরের জন্য মাছ আনতে মোটরসাইকেলে করে খুলনার চুকনগরের দিকে যাচ্ছিলেন নাসিম ও মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দাদা নাসিম ফকিরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাতি মেহেদীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তারও মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।