টাঙ্গাইলে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ কিশোর নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয়েছে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহত তিনজনই স্কুল শিক্ষার্থী এবং মোটরসাইকেলের আরোহী ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালীমন্দির এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তারা জানান, ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় সাইমন।

ওসি আলমগীর কবির বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’