কুষ্টিয়ায় অর্ধশত যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে এখানে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা ওই চারজনের মধ্যে একজন নারী মারা গেছেন। বাকি তিন পুরুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।