বাংলা একাডেমি প্রকাশিত ৬ নতুন বই

স্টার অনলাইন ডেস্ক

বাংলা একাডেমি বছরজুড়ে সাহিত্য, গবেষণা ও সংস্কৃতির ওপর বিভিন্ন নতুন বই প্রকাশ করে থাকে। সম্প্রতি প্রকাশিত উল্লেখযোগ্য ৬টি নতুন বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। 

প্যারিসে সৈয়দ ওয়ালীউল্লাহ্ : প্রসঙ্গ-অনুষঙ্গ/ মাহমুদ শাহ কোরেশী

প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্ জীবনের একটি দীর্ঘ সময় ফ্রান্সে (প্যারিস) কাটিয়েছেন। এই বইটিতে তার প্যারিসের প্রবাসজীবন, সেখানকার সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তার রচনায় ফরাসি জীবন ও দর্শনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। লেখক মাহমুদ শাহ কোরেশী নিজে প্যারিসে অবস্থানকালে ওয়ালীউল্লাহ্‌র সান্নিধ্য পেয়েছিলেন, যা এই স্মৃতিনির্ভর গবেষণা গ্রন্থটিতে বিশেষ মাত্রা যোগ করেছে।

বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস (২য় খণ্ড)
ডক্টর এম. এ. রহিম/ 
অনুবাদ: মোহাম্মদ আসাদুজ্জামান ও ফজলে রাব্বি

ইতিহাস কেবল রাজা–বাদশাহের বৃত্তান্ত নয়। বরং, সমাজ, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবনের ধারাবাহিক বিবর্তনের দলিলও। এই গ্রন্থে বাংলার মুসলিম শাসনামলের সামাজিক জীবন, ধর্মীয় আচরণ, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ককে গভীর গবেষণার আলোকে বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে ১২০৩–১৫৭৬ সময়পর্বে বাংলার বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের সামাজিক কাঠামো, সাংস্কৃতিক চর্চা ও জীবনধারার একটি প্রামাণ্য ও সুসংহত চিত্র এই খণ্ডে উঠে এসেছে। ইতিহাস, সমাজ ও সংস্কৃতি বিষয়ে আগ্রহী পাঠক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ্যগ্রন্থ।

পাত্র ভাষা ও সংস্কৃতি/ মুহাম্মদ আসাদুজ্জামান

বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী পাত্র সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার প্রামাণ্য লোকজগ্রন্থ এটি। লেখক এই বইয়ে পাত্রদের নিজস্ব ভাষার ব্যাকরণ, শব্দভাণ্ডার এবং বাক্য গঠন নিয়ে আলোচনা করেছেন। লোকজ ভাষাবৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য অনুধাবনে আগ্রহী পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ বই। 

উত্তর-ঔপনিবেশিক চৈতন্য/ হিমেল বরকত

ঔপনিবেশিক অভিজ্ঞতার উত্তর পর্বে বাংলাদেশের কবিতায় যে বোধ, ভাষা ও সাংস্কৃতিক চৈতন্য বিকশিত হয়েছে—এই গ্রন্থে তার তাত্ত্বিক বিশ্লেষণ ও সাহিত্যিক পাঠ উপস্থাপিত হয়েছে। কবিতাকে এখানে কেবল নান্দনিক রচনা হিসেবে নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও ক্ষমতার সম্পর্কের ভেতরে অবস্থিত একটি বুদ্ধিবৃত্তিক অনুষঙ্গ হিসেবে আলোচনায় আনা হয়েছে।

বাংলাদেশের কবিতায় উত্তর-ঔপনিবেশিক চেতনার প্রকাশ, ভাষার রূপান্তর, কবির অবস্থান ও সমকালীন সাহিত্য-আলোচনার প্রেক্ষাপট বুঝতে আগ্রহী পাঠক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য গ্রন্থটি বিশেষভাবে প্রাসঙ্গিক।

ব্যবহারিক পরিভাষা/ সংকলন ও সম্পাদনা: সুব্রত বড়ুয়া

এই গ্রন্থটিতে দাপ্তরিক কাজ, শিক্ষা, বিজ্ঞান, শিল্প এবং দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ইংরেজি শব্দের যথাযথ ও প্রমিত বাংলা প্রতিশব্দ সংকলিত হয়েছে। এটি মূলত অনুবাদক, শিক্ষার্থী, লেখক এবং সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের শুদ্ধ বাংলা ভাষা ব্যবহারের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে।

'সূর্যের সপ্তম ঘোড়া'

ধর্মবীর ভারতী/ অনুবাদ: সফিকুন্নবী সামাদী

হিন্দি থেকে অনুদিত এই উপন্যাসে আধুনিকতার প্রভাব, সমাজ-সত্য, মানব-ধর্ম ও মনঃতত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ চমৎকার বর্ণনায় উঠে এসেছে। পঞ্চতন্ত্রের ঢং অনুসরণ করে এক অভিনব ন্যারেটিভ নির্মাণ করা হয়েছে এ উপন্যাসে। 

বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র বা অনলাইন বুক শপগুলোতে পাওয়া যাবে বইগুলো। প্রথমা, পাঠক সমাবেশ কেন্দ্র, বাতিঘরের মতো দোকানগুলোতেও পাওয়া যাবে।