হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ জন

গবেষণায় ড. মোহাম্মদ হান্নান, কথাসাহিত্যে কিযী তাহনীন ও কবিতায় আজাদুর রহমান
স্টার অনলাইন রিপোর্ট

বাংলা সাহিত্যের তিনটি ধারায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণী সাহিত্যিককে ২০২৬ সালের হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার দিয়েছে ফরিদপুর সাহিত্য পরিষদ। গবেষণায় ড. মোহাম্মদ হান্নান, কথাসাহিত্যে কিযী তাহনীন এবং কবিতায় আজাদুর রহমান এ পুরস্কার পেয়েছেন।

শুক্রবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাল আহমেদ। সেখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল লতিফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী ও ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। শুভেচ্ছা বক্তব্য দেন গবেষক মফিজ ইমাম মিলন।

অনুষ্ঠানে হুমায়ুন কবিরের জীবন, সাহিত্য, চিন্তা ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। তার সাহিত্যকর্মের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ও বুদ্ধিবৃত্তিক পরিসরে হুমায়ুন কবিরের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টিও উঠে আসে আলোচনায়।

প্রধান আলোচকের বক্তব্যে ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে হুমায়ুন কবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার কাছে জীবনানন্দ দাশ তিনটি চিঠি লিখেছিলেন। সামগ্রিকভাবে হুমায়ুন কবিরকে নতুন প্রজন্মের জানা দরকার। আজকের এই উদ্যোগ নিশ্চয়ই তাকে আরও মানুষের কাছে পরিচিত করে তুলতে সাহায্য করবে।’

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে কথাসাহিত্যিক কিযী তাহনীন বলেন, ‘আমি নারী হিসেবে নয়, একজন কথাসাহিত্যিক হিসেবে এই অর্জনে ভীষণ আনন্দিত। এমন আনন্দাশ্রু আরও আসুক আমার জীবনে।’

আয়োজকেরা বলেন, হুমায়ুন কবির ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। সাহিত্য, গবেষণা ও চিন্তাচর্চায় তার অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সমকালীন লেখকদের সৃজনশীল কাজকে উৎসাহিত করাও এ পুরস্কারের অন্যতম উদ্দেশ্য।

পুরস্কার প্রদানকে কেন্দ্র করে অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনের অবদানের স্বীকৃতি এবং তাদের নিয়ে আরও বেশি গবেষণা ও পাঠচর্চার ওপর গুরুত্বারোপ করেন।