কেমন যাবে সেপ্টেম্বর, দেখুন রাশিফল

স্টার অনলাইন ডেস্ক

নতুন মাস এসেছে। সঙ্গে এসেছে নতুন আশা, নতুন পরিকল্পনা আর পুরোনো কিছু চিন্তা; যেগুলোকে আমরা যতই দূরে ঠেলে দিই, তারা ঠিকই মাঝরাতে এসে দরজায় কড়া নাড়ে!

কারও জীবনে সেপ্টেম্বর হয়তো নিয়ে আসবে নতুন সুযোগ, কারও সামনে খুলবে পরিবর্তনের দরজা। কেউ পুরোনো সম্পর্ক বা সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববেন, আবার কেউ বুঝতে পারবেন এত দিন যে বিষয়টি আঁকড়ে ধরে ছিলেন, সেটি আসলে ছেড়ে দেওয়ার সময় হয়েছে।

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, সেপ্টেম্বরে ১২ রাশির মানুষের জীবনেই থাকছে নানা ধরনের ইঙ্গিত। তাহলে দেখে নেওয়া যাক, সেপ্টেম্বর আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে।

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

মেষ রাশির মানুষের জন্য সেপ্টেম্বর হতে পারে নতুন পথ খোঁজার মাস। একই সমস্যাকে একইভাবে দেখে যদি এত দিনেও সমাধান না মেলে, তাহলে এবার একটু অন্যভাবে ভাবুন। কে কী বলল, কে কী করল, প্রতিটি বিষয়কে পাত্তা দেওয়ার দরকার নেই।

হঠাৎ কোনো ফোন, আমন্ত্রণ, খবর কিংবা একেবারে ছোট্ট কোনো ঘটনা আপনাকে নতুন কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। কাজেই নতুন সুযোগ দেখলেই ‘না, এটা আমার জন্য নয়’ বলে দরজা বন্ধ করে দেবেন না।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

জীবনের সব হিসাব কেবল টাকা-পয়সা আর সাফল্য দিয়ে মেলানো যায় না। প্রতিদিনের ছোট ছোট আনন্দ, কাছের মানুষের সঙ্গে সুন্দর সময়, এসবেরও কিন্তু আলাদা মূল্য আছে।

সেপ্টেম্বরে অর্থের দিক থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা ভালো, ভালো কাজ করলেই সঙ্গে সঙ্গে ‘ধন্যবাদ’, ‘বাহ’, ‘তুমি অসাধারণ’ এসব পাওয়ার আশা না করাই ভালো!

কেউ আপনার ভালো কাজের হিসাব রাখুক বা না রাখুক, আপনি জানেন কেন কাজটি করেছেন। আর সেটাই গুরুত্বপূর্ণ।

মিথুন (২২ মে—২১ জুন)

মাসের শুরুতে মিথুন রাশির মানুষ কিছুটা দ্বিধায় থাকতে পারেন। একটি সিদ্ধান্ত নেওয়ার সময় মন একবার বলবে, ‘চলো’; আরেকবার বলবে, ‘একটু দাঁড়াও, এত তাড়া কিসের?’

তবে ধীরে ধীরে নিজের ওপর বিশ্বাস বাড়বে। পুরোনো কোনো ঘটনা, সম্পর্ক কিংবা মানুষের মতামত আপনাকে যতটা প্রভাবিত করত, এখন আর ততটা করবে না।

সবচেয়ে বড় ব্যাপার, আপনি বুঝতে পারবেন, অন্যরা আপনাকে কী ভাবছে, সেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। নিজের কাছে আপনি ঠিক আছেন কি না, সেটাই আসল।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

কর্কট রাশির মানুষ অনেক কিছুই চুপচাপ নিজের কাঁধে তুলে নিতে অভ্যস্ত। সেপ্টেম্বর আপনাকে সেই জায়গা থেকে একটু বের করে আনতে পারে। পুরোনো কোনো স্বপ্ন বা পরিকল্পনা, যেটা একসময় সাহসের অভাবে শুরু করতে পারেননি, সেটিই আবার সামনে আসতে পারে।

প্রয়োজনে অন্যের সাহায্য নিন। এতে আপনি দুর্বল হয়ে যাবেন না। বরং নিজের কাজ, সম্পর্ক ও ব্যক্তিগত সুখের মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি হতে পারে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

সিংহ রাশির মানুষদের মনে হতে পারে, অনেক দিন ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছেন। সেপ্টেম্বর সেই বৃত্ত থেকে বের হওয়ার সুযোগ এনে দিতে পারে। নতুন কোনো মানুষ, নতুন কোনো ধারণা কিংবা অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনার সামনে এমন একটি পথ খুলে দিতে পারে, যেটি আগে চোখেই পড়েনি।

তবে একটা শর্ত আছে, অতীতের দিকে বারবার তাকালে সামনে কী আছে, সেটা দেখা কঠিন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির মানুষের জন্য সেপ্টেম্বরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে সম্পর্ক। পুরোনো কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব কিংবা মানসিক টানাপোড়েন এবার কিছুটা হালকা হতে পারে।

পুরোনো দিনের স্মৃতি মাঝেমধ্যে দরজায় কড়া নাড়তেই পারে। দরজা খুলে একটু দেখুন, কিন্তু আবার ব্যাগ গুছিয়ে সেখানে চলে যাবেন না!

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

তুলা রাশির মানুষের জন্য সেপ্টেম্বর হতে পারে বিভ্রান্তি কাটিয়ে নিজের পথ খুঁজে নেওয়ার সময়। এত দিন হয়তো অনেক প্রশ্ন ছিল, কী করবেন, কোথায় যাবেন, কোন সিদ্ধান্তটা ঠিক? এবার মাস যত এগোবে, উত্তরগুলো তত পরিষ্কার হতে পারে।

এই সময়ে সঠিক মানুষের কাছ থেকেও সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যের পরামর্শ শুনবেন, কিন্তু সিদ্ধান্তটা নেবেন নিজের মাথা খাটিয়ে।

ধীরে এগোচ্ছেন বলে মন খারাপ করার কিছু নেই। জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে, পাশের মানুষটি আগে গেলেই আপনার মেডেল বাতিল!

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

বৃশ্চিক রাশির মানুষ সেপ্টেম্বরজুড়ে ভবিষ্যৎ নিয়ে বেশ ভাবনাচিন্তা করতে পারেন। কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। নিজের চাওয়াকে গুরুত্ব দিন। একইসঙ্গে বাস্তবতার হিসাবটাও পাশে রাখুন।

কোনো সমস্যার সমাধান হয়তো সরাসরি সামনে দাঁড়িয়ে নেই। কিন্তু একটু অন্যভাবে ভাবলেই উত্তর পেয়ে যেতে পারেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

অনেক হিসাব-নিকাশ, সিদ্ধান্ত আর পরিস্থিতি সামলানোর পর সেপ্টেম্বর ধনু রাশির মানুষকে কিছুটা স্বস্তি আনতে পারে। মাথায় রাখবেন, নিজের জন্য সময় নেওয়া বিলাসিতা নয়, বরং প্রয়োজন। সেটি এবার আরও ভালোভাবে বুঝতে পারবেন।

সামনে এগিয়ে যাওয়ার সময় অতীত হঠাৎ হাত ধরে টানতে পারে। কোনো পুরোনো স্মৃতি কিংবা ভয় আপনাকে থামিয়ে দিতে পারে। সমস্যা নেই থামুন, চাইলে এক কাপ চা পান করুন, তারপর একটু ভাবুন, কিন্তু শেষ পর্যন্ত সামনে তাকিয়েই হাঁটুন।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

মকর রাশির মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে বেশ হিসাবি। সেপ্টেম্বরে অর্থ, পরিবার ও প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা আরও বাড়তে পারে।

ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা অবশ্যই ভালো। কিন্তু সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি বর্তমানের শান্তিটাই হারিয়ে ফেলেন, তাহলে লাভ কী?

নিজের শরীর ও মনের প্রতিও নজর দিন। কারণ ব্যাংক ব্যালান্স যতই ভালো থাকুক, শান্তিতে ঘুমানোর ক্ষমতার কোনো বিকল্প নেই।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

কুম্ভ রাশির মানুষ সেপ্টেম্বরের শুরুতে নিজের জীবন নিয়ে বেশ হিসাব করতে পারেন। অবশ্য এবার ধীরে ধীরে দ্বিধা কমবে, আত্মবিশ্বাস বাড়বে। নতুন কোনো মানুষ বা নতুন কোনো ধারণা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পারে।
জীবনের একটি ক্লান্তিকর অধ্যায় শেষ হয়ে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মনে রাখবেন, সবকিছু সঙ্গে নিয়ে নতুন জীবন শুরু করা যায় না। কিছু পুরোনো জিনিসকে সত্যিই বিদায় বলতে হয়।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

মীন রাশির জন্য সেপ্টেম্বরে নতুন কিছু করার ইচ্ছা তৈরি হবে। কিন্তু নতুন মানেই তো অজানা, আর অজানা মানেই একটু ভয়। সেই ভয় থাকতেই পারে। তবে সাহস মানে ভয় না থাকা নয়; ভয় থাকার পরও এগিয়ে যাওয়া।

অতীত থেকে পাওয়া শিক্ষা কাজে লাগান, কিন্তু পুরোনো ভুল, কষ্ট বা হতাশাকে সঙ্গে নিয়ে সারাজীবন হাঁটার দরকার নেই।
সেপ্টেম্বর হয়তো আপনাকে নতুন করে শুরু করার একটা সুযোগ দেবে।

১২ রাশির জন্য সেপ্টেম্বরের বার্তা আলাদা হলেও একটা বিষয় সবার জন্যই প্রযোজ্য, পরিবর্তন জীবনের স্বাভাবিক অংশ। কেউ নতুন সুযোগ পাবেন, কেউ পুরোনো কিছু ছেড়ে দেবেন, কেউ নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববেন। আবার কারও জীবনে বড় কিছু না ঘটেও হয়তো নিজের ভেতরে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

তবে মনে রাখা ভালো, রাশিফল ভবিষ্যতের নিশ্চিত ঘোষণা নয়। তাই জ্যোতিষরা যা-ই বলুক, শেষ পর্যন্ত স্টিয়ারিংটা আপনার হাতেই।