এরিকসনের ১,৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা
সুইডেনভিত্তিক টেলিকম প্রতিষ্ঠান এরিকসন এক হাজার ৬০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনার কথা জানিয়েছে। কারণ হিসেবে 'কর্মদক্ষতা' বাড়ানোর যুক্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, 'কর্মী ছাঁটাই প্রস্তাব প্রতিষ্ঠান পরিচালনার খরচ ও প্রযুক্তি খাতে নেতৃত্ব অটুট রাখতে প্রয়োজনীয় বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষার বৈশ্বিক উদ্যোগের অংশ।'
এরিকসন জানিয়েছে, এই উদ্যোগে প্রায় 'এক হাজার ৬০০ পদ' প্রভাবিত হবে এবং ইতোমধ্যে কর্মীদের ইউনিয়নের সঙ্গে তারা দরকষাকষি শুরু করেছে।
বিশ্বজুড়ে এরিকসনের কর্মীর সংখ্যা ৯০ হাজারেরও বেশি। শুধু সুইডেনেই কাজ করেন ১৩ হাজার মানুষ।
ছাঁটাই হতে যাওয়া ওই এক হাজার ৬০০ কর্মী মূলত সুইডেনভিত্তিক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মদক্ষতা বাড়ানোর অন্যান্য উদ্যোগ অব্যাহত থাকবে।
এরিকসন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্যতম। এরিকসনের পাশাপাশি উচ্চারিত হয় চীনের হুয়াওয়ে ও ফিনল্যান্ডের নোকিয়ার নামও।
অক্টোবরে, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিক্রি কমার ও মুনাফা বেড়ে যাওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
২৩ জানুয়ারি এরিকসন চতুর্থ ত্রৈমাসিকের মুনাফার তথ্য জানাবে।
এই ঘোষণার পর স্টকহোমের পুঁজিবাজারে এরিকসনের শেয়ারের দাম দেড় শতাংশ বেড়ে যায়।
