সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলা, ছোড়া হলো ক্ষেপণাস্ত্র-ড্রোন

স্টার অনলাইন ডেস্ক

ইয়েমেনে একের পর এক হামলা চালিয়েছে সৌদি আরব। এর জবাবে দেশটির অর্থনৈতিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আজ মঙ্গলবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব হামলার দাবি করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

তিনি বলেন, গত তিন দিনে ইয়েমেনে সৌদি আরবের চালানো ১২০টির বেশি হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় পরিসরে, দীর্ঘপাল্লার সামরিক অভিযান চালিয়েছে,’ বলেন ইয়াহিয়া সারি।

এর আগে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের ধারাবাহিক হামলার খবর আসে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের এক দফা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে কয়েক ডজন মানুষ আহত হওয়ার পর মঙ্গলবার ইয়েমেনে একের পর এক সৌদি হামলার খবর প্রকাশ করে হুতি গণমাধ্যমগুলো।

হুতি-সমর্থিত আল-মাসিরাহ টেলিভিশন জানায়, তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকায় সৌদি আরব ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ওই এলাকায় কয়েক দিন ধরে লড়াই চলছে।

আল-মাসিরাহ এর আগে মারিব প্রদেশে সৌদি হামলার খবরও জানিয়েছিল।