প্রতিরক্ষা খাতে ‘শত শত কোটি’ ডলারের নতুন চুক্তি ঘোষণা করবে ন্যাটো মিত্ররা

স্টার অনলাইন ডেস্ক

তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা খাতে ‘শত শত কোটি’ ডলারের নতুন চুক্তি ঘোষণা করবে জোটের সদস্য দেশগুলো।

একইসঙ্গে তারা প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে এবং ইউক্রেনের প্রতি সমর্থনও আবার নিশ্চিত করবে।

ন্যাটো সম্মেলনের আগে আজ সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে মহাসচিব মার্ক রুটে এ মন্তব্য করেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

তিনি বলেন, 'আমরা শত শত কোটি ডলারের নতুন চুক্তি ঘোষণা করব, যার মাধ্যমে প্রতিরোধ ও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হবে।'

রুটে বলেন, ইউক্রেনের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা মিত্র দেশগুলোর দায়িত্ব।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ছবি: এএফপি

এর আগে ২৬ জুন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আসন্ন সম্মেলনের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে স্পষ্ট বার্তার অঙ্গীকার করেন রুটে।

তিনি বলেন, পুতিন বুঝবেন যে, ৩২ সদস্যের ন্যাটো জোট তাদের বিরুদ্ধে যেকোনো ‘বোকামিপূর্ণ পদক্ষেপের’ জবাব দিতে প্রস্তুত।

তিনি বলেন, 'পুতিন অঙ্গীকারকে ভয় পান না। তিনি ভয় পান সেই অঙ্গীকার বাস্তবায়নকে। আর আমরা ঠিক সেটিই করছি। আমরা নিজেদের রক্ষা করব।'

রুটে আরও বলেন, দীর্ঘদিনের কম বিনিয়োগের পর সদস্য দেশগুলো এখন ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে এগোচ্ছে।

পাশাপাশি আটলান্টিকের উভয় তীরে প্রতিরক্ষা শিল্পের উৎপাদন বাড়ানো, ইউরোপের খণ্ডিত প্রতিরক্ষা শিল্পকে আরও সমন্বিত করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং উদ্ভাবন জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আগামী ৭-৮ জুলাই তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।