পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব দাবি করা যাবে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

স্টার অনলাইন ডেস্ক

পাসপোর্ট একটি ‘ভ্রমণ দলিল’, এটি কোনোভাবেই ‘নাগরিকত্বের প্রমাণপত্র’ নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার এ কথা বলেছেন।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় পাসপোর্টের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের বিদেশে নির্বিঘ্নে যাতায়াতে সাহায্য করা। নাগরিকত্ব প্রমাণের অন্যান্য নথির সঙ্গে একে মেলানো উচিত নয়।

ভারতের দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ১৬টি রাজ্যে ভোটার তালিকা হালনাগাদের একটি বিশেষ কার্যক্রম চলছে। সেখানে কেউ যদি ভোটার তালিকা থেকে বাদ পড়েন, তবে তিনি তার পাসপোর্ট দেখিয়ে নাগরিকত্ব দাবি করতে পারবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পাসপোর্ট শুধু ভ্রমণের কাজে ব্যবহৃত হয়। এটি নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নয়। যদিও বিদেশে ভ্রমণের সময় পাসপোর্ট একজনের জাতীয়তা প্রমাণ করে, তারপরও এটি নাগরিকত্ব প্রমাণের দলিল হতে পারে না।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করেই কাউকে পাসপোর্ট দেওয়া হয়। বায়োমেট্রিক পরিচয়পত্র—আধার কার্ড বা প্যান কার্ডের মতো সরকারি নথিপত্রের ওপর ভিত্তি করেই পাসপোর্ট ইস্যু করা হয়।

২৪ জুন ভারতের ১৪তম ‘পাসপোর্ট সেবা দিবস’ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে ২৭টি দেশ ভারতীয় পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশের সুবিধা দিচ্ছে। এ ছাড়া ৪৭টি দেশে ‘অন অ্যারাইভাল’ বা পৌঁছানোর পর ভিসা এবং ৬৬টি দেশ ই-ভিসা (ইলেকট্রনিক ভিসা) সুবিধা দিচ্ছে।