বিউফোর্ট দুর্গ দখলে লেবানন অভিযানের মোড় ঘুরেছে: নেতানিয়াহু

স্টার অনলাইন ডেস্ক

গোটা বিশ্বের নজর যখন ইরান যুদ্ধকে ঘিরে, তখন হিজবুল্লাহ দমনের ‘তথাকথিত’ অভিযানে লেবানন ছারখার করে দিচ্ছে ইসরায়েলি সেনা। একই সঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালানো ইসরায়েলি সেনা সম্প্রতি লেবাননে বিশেষ ও নজিরবিহীন সাফল্য অর্জন করেছে। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস আজ রোববার ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিউফোর্ট রিজ বা বিউফোর্ট দুর্গ দখল করেছে। তার ভাষায়, এটি ‘গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি’।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের সেনাবাহিনী মধ্যযুগীয় বিউফোর্ট দুর্গ দখল করার পর এখন লেবাননের আরও গভীরে অভিযান চালানো হবে। রোববার তিনি এই অগ্রগতিকে হিজবুল্লাহবিরোধী অভিযানে একটি ‘নাটকীয় মোড়’ বলে বর্ণনা করেন।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

দক্ষিণ লেবাননের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রায় ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গের আরবি নাম ‘কালাত আল-শাকিফ’। বহু শতাব্দী ধরে এটি সাম্রাজ্য, ধর্মযুদ্ধ, দখলদারিত্ব এবং প্রতিরোধের ইতিহাসের সাক্ষী।

ক্রুসেডারদের নির্মিত এই দুর্গ কখনও মধ্যযুগীয় সামরিক ঘাঁটি, কখনও ফিলিস্তিনি গেরিলাদের অবস্থান, আবার কখনও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

কিন্তু ২০২৬ সালের সংঘাতে দুর্গটির পতন আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

২ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে লেবানন সরাসরি জড়িয়ে পড়ে। 

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের উদ্দেশে রকেট নিক্ষেপ করে যুদ্ধে যোগ দেয়। 

বিউফোর্ট দুর্গের দখল ইসরায়েলের হাতে যাওয়ার পর হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের শ্লোমি ও নাহারিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

একই সময় আক্রে অঞ্চলে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

১৭ এপ্রিল থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা কখনও বাস্তবে মানা হয়নি। উভয় পক্ষই প্রায় প্রতিদিন একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং নিজেদের হামলাকে প্রতিপক্ষের কথিত লঙ্ঘনের জবাব হিসেবে ব্যাখ্যা করে।

সংঘাত তীব্রতর হওয়ার মধ্যে ফ্রান্স রোববার জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের ‘ক্রমশ গভীরতর দখলদারিত্ব’ নিয়ে উদ্বেগের কারণে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ করেছে।

বিউফোর্ট দুর্গ ২০০০ সালে শেষ হওয়া দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগের দুই দশকের দখলদারিত্বের সময় একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল।

দুর্গটি দখলের কয়েক ঘণ্টা পর প্রকাশিত এক ভিডিও বার্তায় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ’আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে (লেবাননে) ফিরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমার নির্দেশ হলো, যেসব এলাকা আগে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে ছিল সেখানে আমাদের অবস্থান আরও গভীর ও বিস্তৃত করতে হবে। বিউফোর্ট দখল একটি নাটকীয় ধাপ এবং আমরা যে নীতি অনুসরণ করছি তার একটি গুরুত্বপূর্ণ মোড়।’

এএফপির এক সাংবাদিক জানান, দুর্গের ওপর ইসরায়েলের পতাকা উড়তে দেখা গেছে। আশপাশে গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল এবং বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠছিল।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস বলেন, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা যায় এমন এই ঐতিহাসিক দুর্গ সেনারা দখল করেছে এবং একই সঙ্গে স্থল অভিযানও সম্প্রসারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিউফোর্টের বীরত্বপূর্ণ যুদ্ধের ৪৪ বছর পর এবং প্রথম লেবানন যুদ্ধে (১৯৮২) নিহত সৈন্যদের স্মরণ দিবসে, আমাদের সেনারা আবার বিউফোর্টের চূড়ায় ফিরে গেছে এবং সেখানে পুনরায় ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে।’

‘আমরা ফিরব’

দক্ষিণ লেবাননের সবচেয়ে বড় শহর সাইদার একটি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নাবাতিয়াহর বাসিন্দা জয়নাব ফাকিহ এএফপিকে বলেন, ‘অবশ্যই আমরা ভয় পাচ্ছি’। 

তিনি বলেন, ‘আমাদের পক্ষে ঘরে ফেরা অসম্ভব, কারণ শহরটি ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

বিউফোর্টে ইসরায়েলি বাহিনীর উপস্থিতিকে তিনি ‘মর্মান্তিক’ বলে আখ্যা দেন।

নাবাতিয়াহ থেকে বাস্তুচ্যুত আরেক বাসিন্দা ইসা তুফাইলি বলেন, ‘আমরা ফিরব। আজ না হলে কাল। যতদিন প্রতিরোধ থাকবে, আমরা ফিরব।’

বিউফোর্টে অগ্রসর হওয়ার আগে ইসরায়েলি সেনাবাহিনী জাহরানি নদীর দক্ষিণাঞ্চল, লিতানি নদীর উত্তরের কিছু এলাকা এবং সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়।

তারা জানায়, দক্ষিণ লেবাননের তায়ার শহর ও আশপাশে ‘হিজবুল্লাহর অবকাঠামো’ লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও ওই এলাকায় ধারাবাহিক হামলার খবর দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তায়ারের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় ১৩ জন হাসপাতালকর্মী আহত হয়েছেন।

এএফপির এক সাংবাদিক শহরটির ওপর বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা গেছে।

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম শনিবার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে বেপরোয়া ও নির্বিচার হামলার অভিযোগ এনে সংঘাত বন্ধের আহ্বান জানান।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো রোববার বলেন, ‘লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা এবং দেশটির ভূখণ্ডে ক্রমশ গভীরতর দখলদারিত্বের কোনো যৌক্তিকতা নেই।’

শুক্রবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদল নিরাপত্তা বিষয়ক বৈঠক করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার হিজবুল্লাহর একটি বিস্ফোরকবাহী ড্রোন হামলায় তাদের এক সৈন্য নিহত হয়েছে। এর ফলে মার্চের শুরু থেকে লেবাননে নিহত ইসরায়েলি সেনাসদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

3928331

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ৩ হাজার ৩৭১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।