যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় ‘উড়ন্ত’ ছাতার আঘাতে নারীর মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সামারটন শহরের ড্রিফটউড গ্রিল নামের রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়। খাবার খেতে আসা কাস্টোমারদের জন্য ওই রেস্তোরাঁর বাইরের অংশেও টেবিল চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। 

ভোক্তাদের রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে প্রতিটি টেবিলের সঙ্গে একটি করে বড় ছাতা যুক্ত করা আছে। 

সম্প্রতি ওই রেস্তোরাঁয় এক মর্মান্তিক ঘটনায় মারা গেছেন ৫৬ বছর বয়সী ডানা উইংগার।  

আজ বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি।  

গত ২৩ মে ডানা তার স্বামীর সঙ্গে এমনই এক ছাতাযুক্ত টেবিলে বসে নৈশভোজ করছিলেন। এ সময় প্রবল ও আকস্মিক ঝড়ো বাতাসে ছাতাটি টেবিল থেকে ছুটে যায়। উড়ে এসে ওই ভারী ছাতা ডানাকে আঘাত করে। 

ড্রিফটউড গ্রিল হোম অব দ্য লেজি গেটর। ছবি: সংগৃহীত
ড্রিফটউড গ্রিল হোম অব দ্য লেজি গেটর। ছবি: সংগৃহীত

গলায় ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ক্ল্যারেনডন কাউন্টি করোনারের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। 

রেস্তোরাঁয় নর্থ ক্যারোলাইনার হুজি অঞ্চলের বাসিন্দা ডানা উইংগারকে অচেতন অবস্থায় পান চিকিৎসাকর্মীরা। তার গলায় আঘাতের চিহ্ন দেখা যায়। 

শত চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেননি চিকিৎসকরা। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। 

এবিসি নিউজের প্রতিবেদন মতে, রেস্তোরাঁর পুরো নাম ‘ড্রিফটউড গ্রিল হোম অব দ্য লেজি গেটর’।  

রেস্তোরাঁর বাইরের অংশ। ছবি: ফেসবুক
রেস্তোরাঁর বাইরের অংশ। ছবি: ফেসবুক

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে ড্রিফটউড গ্রিল জানায়, ‘গতকাল রাতে ম্যারিয়ন লেকে আকস্মিক বৈরি আবহাওয়ার কারণে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আমরা নিহত ব্যক্তির পরিবার, বন্ধুবান্ধব ও নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’  

রেস্তোরাঁর বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ঘটনায় আমাদের সম্প্রদায়ের অসংখ্য মানুষ প্রভাবিত হয়েছে। তাদের মধ্যে আছে রেস্তোরাঁর অতিথি ও কর্মীরা, চিকিৎসাকর্মী এবং সংশ্লিষ্ট বাকি সবাই। এই কঠিন সময়ে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা প্রার্থনা, সমবেদনা ও গোপনীয়তা রক্ষার আহ্বান জানাই’।  

ক্ল্যারেনডন কাউন্টি করোনার জ্যাকুলিন ব্ল্যাকওয়েল বিবিসিকে জানান, এই মৃত্যুর ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী তদন্ত চলছে। 

তিনি জানান, আজ ২৭ মে ওই নারীর মরদেহের ময়না তদন্ত করা হবে। 

বিবিসি এ বিষয়ে তথ্য জানার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষ, ক্ল্যারেনডন কাউন্টি দমকল বিভাগ ও শেরিফের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে।

এই প্রতিবেদন লেখার সময় ড্রিফটউড গ্রিলের ফেসবুক পেইজটি ডিজেবল অবস্থায় পাওয়া যায়। 

প্রতিবেদনের ছবিগুলো আর্কাইভ থেকে পাওয়া।