গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত
হামাসের সশস্ত্র শাখার প্রধান এজেদ্দিন আল-হাদ্দাদ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে হয়েছে, হামাসের কর্মকর্তারাও আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) আজ শনিবার এক বিবৃতিতে জানায়, গতকাল গাজা সিটি এলাকায় পরিচালিত একটি নির্ভুল অভিযানে সন্ত্রাসী এজেদ্দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে।
হামাসের দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শুক্রবার গাজা সিটিতে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ও একটি বেসামরিক গাড়িতে চালানো ইসরায়েলি হামলায় হাদ্দাদ নিহত হন।
হামাসের সশস্ত্র শাখার আরেক সদস্যও পৃথকভাবে তার মৃত্যুর বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে হাদ্দাদ জড়িত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ চলাকালে হামাসের হাতে আটক বহু ইসরায়েলিকে জিম্মি করে রাখার সঙ্গেও হাদ্দাদ জড়িত ছিলেন।
ইসরায়েলের ভাষ্য, নিজেকে হত্যার হাত থেকে রক্ষা করতে হাদ্দাদ হামাসের জিম্মি ব্যবস্থাপনা পরিচালনা করতেন।