দেড় কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে স্যামসাংয়ের বিরুদ্ধে দুয়া লিপার মামলা

স্টার অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের (দেড় কোটি) ক্ষতিপূরণ মামলা ঠুকেছেন জনপ্রিয় আলবেনীয় বংশোদ্ভূত ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা।

স্যামসাংয়ের টিভির মোড়কে বিনা অনুমতিতে ছবি ব্যবহারের কারণে এই মামলা ঠুকেছেন দুয়া লিপা। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড।  

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের একটি জেলা আদালতে এই অভিযোগ করা হয়।

অভিযোগের বরাত দিয়ে শনিবার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানায়, গত বছরের শুরু থেকে প্রচারণার অংশ হিসেবে টিভির কার্ডবোর্ডের প্যাকেটের ওপর দুয়া লিপার ছবি যুক্ত করা হয়। 

তবে ওই ছবির বিষয়ে দুয়া লিপা কিছুই জানতেন না। এ বিষয়ে তার অনুমতিও নেওয়া হয়নি। শিল্পীর সঙ্গে স্যামসাংয়ের কোনো ধরনের অংশীদারিত্বের প্রমাণ নেই। 

আইনজীবীদের অভিযোগ, এই প্রচারণার ফলে সাধারণ মানুষের মনে ধারণা জন্মায়,  দুয়া লিপা স্যামসাং পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহ দিচ্ছেন।

 মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘সাধারণ ভোক্তাদের ব্যবহারের জন্য তৈরি করা একটি পণ্যের প্রচারে দুয়া লিপার মুখাবয়ব ব্যবহার করা হয়। কিন্তু এ বিষয়ে তিনি কিছু জানতেন না বা বিষয়টি নিয়ে তাকে হ্যাঁ-না বলারও কোনো সুযোগ দেওয়া হয়নি। বস্তুত, এই প্রচারণায় দুয়ার নিজস্ব কোনো বক্তব্য, নিয়ন্ত্রণ বা অবদান নেই।’  

টিভির প্যাকেজে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটা ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস উৎসবে তোলা হয়। এর মেধাসত্ত্ব দুয়া লিপার নিজস্ব।

 

Dua Lipa performs during the first weekend of the Austin City Limits Music Festival on Saturday, Oct. 5, 2024, at Zilker Metropolitan Park in Austin, Texas. (Photo by Jack Plunkett/Invision/AP)
২০২৪ সালের অস্টিন সিটি লিমিটস উৎসবে দুয়া লিপা। ছবি: সংগৃহীত

শিল্পীর সঙ্গে কোনো ধরনের চুক্তি না থাকায় স্যামসাংকে একাধিকবার এই ছবি ব্যবহার না করার অনুরোধ জানান দুয়া লিপার প্রতিনিধিরা। 

কিন্তু তা সত্ত্বেও প্রতিষ্ঠানটি এই বিজ্ঞাপনের ব্যবহার করা অব্যাহত রাখে। 

দক্ষিণ কোরিয়ার বড় শিল্প প্রতিষ্ঠানটির বিরুদ্ধে  মেধাসত্ত্ব, ট্রেডমার্ক ও অন্যান্য আইন ভঙ্গের বেশ কয়েকটি গুরুতর অভিযোগ এনেছেন দুয়া।  

এ বিষয়ে স্যামসাংয়ের বক্তব্য জানতে চেয়ে এখনো কোনো জবাব পায়নি ভ্যারাইটি। 

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুয়া লিপা পণ্যের বিজ্ঞাপনে নিজের মুখাবয়ব ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে খুবই সচেতন। বাছাই করা, অত্যন্ত উন্নতমানের পণ্য হলেই শুধু তিনি এ ধরনের অনুমতি দিয়ে থাকেন। 

আনুষ্ঠানিক অভিযোগে বেশ কয়েকজন ভোক্তার বক্তব্য যোগ করা হয়। ভোক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব বক্তব্য পোস্ট করেন।  

এক ব্যক্তি বলেন, ‘আমার ওই টিভি কেনার কোনো পরিকল্পনা ছিল না। টিভির বাক্সে দুয়া লিপার ছবি দেখে এটা আমি কিনেছি।’ 


অপর এক ভক্ত বলেন, ‘দুয়া লিপার ছবি আছে বলেই আমি টিভিটা কিনতে আগ্রহী হয়েছিলাম। আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আমি তার বিশাল ভক্ত।’

অপর এক ব্যক্তি মত দেন, ‘যদি আপনি কোনো পণ্য বিক্রি করতে চান, তার ওপর দুয়া লিপার একটি ছবি সেঁটে দিন। তাহলেই কাজ হয়ে যাবে।’