যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে ২ দিনের ছুটি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছুটি কার্যকর থাকবে।
হঠাৎ জারি করা এই বিজ্ঞপ্তিতে ছুটির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ কোনো কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে প্রায়ই এ ধরনের ছুটি দেওয়া হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে। এই আলোচনাকে কেন্দ্র করেই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসলামাবাদের স্থানীয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছুটি কেবল ইসলামাবাদ রাজধানী অঞ্চলের জন্য প্রযোজ্য হবে। তবে পুলিশ, হাসপাতাল এবং বিদ্যুৎ ও গ্যাসের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ছুটির আওতামুক্ত থাকবে।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসলামাবাদের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জরুরি সেবাগুলো চালু থাকবে। ছুটির বিষয়টি মাথায় রেখে রাজধানীর বাসিন্দাদের প্রাত্যহিক কাজ আগেভাগেই গুছিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।