কাছ থেকে চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন নভোচারীরা
চাঁদের গা ঘেঁষে এক রোমাঞ্চকর ভ্রমণ শেষে এখন পৃথিবীর পথে ফিরতে শুরু করেছেন আর্টেমিস-২ এর চার নভোচারী।
চাঁদের রুক্ষ পাহাড়, সুগভীর গর্ত আর অদেখা সব দৃশ্যপট খুব কাছ থেকে দেখার পর তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন নভোচারীরা।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে নভোচারীদের অভূতপূর্ব অভিজ্ঞতার কথা।
চাঁদের খুব কাছ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে চন্দ্রাভিযানে যাওয়া প্রথম নারী ক্রিস্টিনা কচ বলেন, ‘চাঁদের পৃষ্ঠের দিকে তাকিয়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমি যেন চাঁদের ওই ল্যান্ডস্কেপের ভেতরে হারিয়ে গেছি। সবকিছু হঠাৎ বাস্তব হয়ে ধরা দিয়েছিল।’ চাঁদের পৃষ্ঠে উজ্জ্বল নতুন গর্তগুলো দেখেও মুগ্ধ হয়েছেন ক্রিস্টিনা কচ।

তিনি বলেন, ‘চাঁদের বুকজুড়ে থাকা উজ্জ্বল নতুন গর্তগুলো ল্যাম্পশেডের ছিদ্র দিয়ে আসা আলোর মতো জ্বলজ্বল করছিল।’
চাঁদের বাকি অংশের তুলনায় এগুলো অনেক বেশি উজ্জ্বল বলে বর্ণনা করেন তিনি।
সহযাত্রী নভোচারী ভিক্টর গ্লোভারও চাঁদ দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন চাঁদের ওই বন্ধুর পথে হাঁটছি, সেই অসাধারণ ভূখণ্ডে ড্রাইভিং করছি।’ গ্লোভার চন্দ্রপৃষ্ঠের উজ্জ্বল নতুন গর্তগুলোর কথাও বলেন।

গভীর মহাকাশে পাড়ি দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী ভিক্টর গ্লোভার।
মহাকাশযানটিতে আরও রয়েছেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান ও কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। মঙ্গলবার নভোচারী দলটি নাসার ক্যাপসুল কমান্ড বা ক্যাপকমকে চাঁদের দূরবর্তী পৃষ্ঠ সম্পর্কে তাদের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করেন।

পৃথিবীর পথে রওনা দেওয়ার আগে ওরিয়ন ক্যাপসুলের জানালা দিয়ে বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নভোচারীরা। এর মধ্যে রয়েছে—চাঁদের পেছন থেকে ‘পৃথিবীর উদয়’ (আর্থরাইজ), সূর্যগ্রহণ এবং প্রায় ৯৫০ কিলোমিটার প্রশস্ত ‘অরিয়েন্টাল ইমপ্যাক্ট বেসিনের’ ছবি, যা আগে কখনো খালি চোখে দেখা সম্ভব হয়নি।

নভোচারীরা জানিয়েছেন, ধূসর চাঁদের বুকে তারা বাদামী, সবুজ ও কমলা রঙের আভা দেখতে পেয়েছেন, যা বিজ্ঞানীদের নতুন করে ভাবিয়ে তুলছে।
গত সোমবার এই চার নভোচারী মানব ইতিহাসের এক নতুন রেকর্ড গড়েন। তারা পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরে পৌঁছে যান, যা ১৯৭০ সালে অ্যাপোলো-১৩ এর গড়া রেকর্ডের চেয়েও বেশি। চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ৪ হাজার ৭০ মাইল দূর দিয়ে ওরিয়ন ক্যাপসুলটি প্রদক্ষিণ করে।

বর্তমানে ওরিয়ন ক্যাপসুলটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মার্কিন সময় আগামী শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে এটি সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করবে।