মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জ বরখাস্ত
মার্কিন সেনাবাহিনী প্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক শুদ্ধি অভিযান বা ছাঁটাইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জর্জকে বরখাস্ত করার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা বিভাগের তিনজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেন।
ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ প্রতিরক্ষা বিভাগটিকে নতুন করে সাজাতে দ্রুত পদক্ষেপ নিলেও যুদ্ধ চলাকালীন কোনো জেনারেলকে বরখাস্ত করার এমন ঘটনা প্রায় নজিরবিহীন।
পেন্টাগন নিশ্চিত করেছে, পদের মেয়াদ এক বছরেরও বেশি সময় বাকি থাকা সত্ত্বেও জর্জ সেনাবাহিনীর ৪১তম প্রধান হিসেবে তার পদ থেকে অবিলম্বে অবসর নেবেন। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, তারা জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞ। বিবৃতিতে তার অবসর জীবনের মঙ্গল কামনা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথ সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন।
প্রতিরক্ষা বিভাগ জর্জের বিদায়ের কোনো কারণ জানায়নি। এমন সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে তাদের সেনা মোতায়েনের মাধ্যমে শক্তি বাড়াচ্ছে।
এই অঞ্চলে মার্কিন হামলাগুলো মূলত নৌবাহিনী এবং বিমানবাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। সেনাবাহিনী হলো মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম শাখা, যেখানে প্রায় সাড়ে চার লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্যও মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। এর উদ্দেশ্য হতে পারে ইরানে স্থল অভিযান।
হেগসেথ ও জর্জের মধ্যে মনোমালিন্যের কোনো প্রকাশ্য লক্ষণ ছিল না। তবে হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করা এবং সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করার মতো কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন। এই প্রতিষ্ঠাবার্ষিকী পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে।
ট্রাম্পের সোচ্চার সমর্থক গায়ক কিড রকের প্রতি স্পষ্ট সমর্থন দেখাতে হেগসেথ চলতি সপ্তাহে একটি তদন্ত প্রক্রিয়া আটকে দিয়েছেন। কিড রকের বাড়ির আশেপাশে অ্যাটাক হেলিকপ্টার ওড়ানোর দায়ে সংশ্লিষ্ট সেনা পাইলটদের বিরুদ্ধে এই তদন্ত হওয়ার কথা ছিল।
প্রথম এই বরখাস্তের খবরটি প্রকাশ করা সিবিএস নিউজ জানিয়েছে, কিড রকের ঘটনার সঙ্গে জর্জের এই অপসারণের কোনো সম্পর্ক নেই।
এক কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথের সাবেক সামরিক সহযোগী এবং বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত হিসেবে জর্জের স্থলাভিষিক্ত হবেন।
অন্য এক কর্মকর্তা যোগ করেন, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব জর্জের বরখাস্তের খবরটি ঠিক তখনই জানতে পাড়েন যখন এটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল।
ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালনকারী পদাতিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সেনাবাহিনীর শীর্ষ পদে নিযুক্ত হন। সাধারণত এই পদের মেয়াদ চার বছর হয়ে থাকে।
শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার আগে জর্জ সেনাবাহিনীর ভাইস চিফ ছিলেন এবং তার আগে তৎকালীন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তাকে সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকলের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। অস্ত্র উন্নয়ন ত্বরান্বিত করা এবং ব্যয় সংকোচনের লক্ষে সেনাবাহিনীর যে বিশেষ প্রচেষ্টা ছিল, তাতে তারা দুজনে যৌথভাবে বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর প্রভাব মোকাবিলায় কাজ করেছিলেন।
জর্জের এই অপসারণ পেন্টাগনের নেতৃত্বের সব স্তরে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। এর আগে গত বছর জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান বিমানবাহিনী জেনারেল সি কিউ ব্রাউন, নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও বরখাস্ত করা হয়েছিল।
জেনারেল জর্জের কার্যালয় থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।