হরমুজ প্রণালি খুলতে ‘সম্ভাব্য সব’ পদক্ষেপ নেওয়া হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি চালু করতে ‘সম্ভাব্য সব কূটনৈতিক, অর্থনৈতিক ও সমন্বিত পদক্ষেপ’ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ প্রস্তুত বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

আজ বৃহস্পতিবার হরমুজ প্রণালি নিয়ে লন্ডনে ৪০টি দেশের অংশগ্রহণে ভার্চ্যুয়াল বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ইভেট কুপার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন কুপার।

তেহরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

কুপার বলেন, ‘গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দিতে ৪০টির বেশি দেশ একসঙ্গে কাজ করছে। ইরানের কার্যত অবরোধের কারণে প্রণালিটি প্রায় বন্ধ হয়ে পড়েছে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও জ্বালানির দামে বড় চাপ সৃষ্টি করছে।’

চলমান পরিস্থিতির প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্যে বন্ধকি ঋণের সুদের হার ও জ্বালানির দাম বাড়ছে, বিশ্বজুড়ে জেট ফুয়েল সরবরাহ ব্যাহত হচ্ছে, আফ্রিকায় সার এবং এশিয়ায় গ্যাস সরবরাহেও প্রভাব পড়ছে।’

এ অবস্থায় জীবনযাত্রার ব্যয় কমাতে এই যুদ্ধ থামানো সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন ইভেট কুপার।

এ সময় তিনি হরমুজে আটকে পড়া জাহাজগুলোর চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সঙ্গে কাজ করার কথা বলেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে এখন দুই হাজারের বেশি জাহাজ আটকা পড়ে রয়েছে।