ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৩০ জন নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

মঙ্গলবার মস্কো সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে নিয়মিত উড্ডয়নের সময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিমানটি একটি খাড়া পাহাড়ে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

রাশিয়ার তদন্ত কমিটির প্রেস সার্ভিস জানিয়েছে, বিমানে সাতজন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী ছিলেন। এর আগে প্রাথমিক তথ্যে ছয়জন ক্রু সদস্যের কথা বলা হলেও সর্বশেষ হিসেবে মোট আরোহীর সংখ্যা ৩০ জন নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিশন ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এ ঘটনায় রুশ ফৌজদারি আইনের ৩৫১ ধারায় (ফ্লাইট নিয়ম বা প্রস্তুতিমূলক বিধি লঙ্ঘন) একটি মামলা দায়ের করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

ক্রিমিয়ার বাখচিসারাই জেলার দুর্গম পার্বত্য বনাঞ্চলে সামরিক তদন্তকারী, ফরেনসিক বিশেষজ্ঞ এবং জরুরি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন।