ইরান যুদ্ধের ব্যয় আরব দেশগুলোর ওপর ‘চাপাতে চান’ ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ বহনে আরব দেশগুলোকে বলতে পারেন—এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট তাদেরকে এ কাজটি করতে বলার বিষয়ে বেশ আগ্রহী হবেন’।

তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়ে তার আগে কিছু বলতে চাই না। তবে এমন একটি ধারণা তার রয়েছে বলে আমি জানি।’

১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের উদাহরণ টেনে এই প্রশ্ন করা হয়, যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের খরচ বহনে আরব দেশসহ মিত্ররা সহায়তা করেছিল।

ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ফাইল ছবি: রয়টার্স

 

আল জাজিরা জানায়, সে সময় কুয়েতে ইরাকের আগ্রাসন প্রতিহত করতে গঠিত জোটের জন্য বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ৫৪ বিলিয়ন ডলার তোলা হয়, যা বর্তমান মূল্যে প্রায় ১৩৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

তবে বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক মিত্রদের সরাসরি সম্পৃক্ত না করেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে।

এদিকে ট্রাম্পঘনিষ্ঠ ভাষ্যকার শন হ্যানিটি প্রস্তাব দিয়েছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে যুদ্ধের খরচ বহনে বাধ্য করা উচিত। তার ভাষয়, ‘এই পুরো সামরিক অভিযানের সম্পূর্ণ খরচের বিনিময়ে তাদের তেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধে সম্মত হতে হবে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের খরচ দ্রুত বাড়ছে। প্রথম ছয় দিনেই ব্যয় হয় প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাবে, ১২তম দিনে তা বেড়ে দাঁড়ায় ১৬.৫ বিলিয়ন ডলারে।

এই ব্যয়ের চাপ সামাল দিতে হোয়াইট হাউস কংগ্রেসের কাছে অন্তত ২০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত সামরিক বাজেট অনুমোদন চাইছে বলে জানায় আল জাজিরা।